উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার উন্নয়নমূলক কাজে রডের বদলে বাঁশ কিংবা সিমেন্টের বদলে বালি দেওয়ার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে মাধবদী বাজারে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন মাধবদী পৌরসভার মেয়রের পদে দানবীয়, মাফিয়া ও খুনি সরকারের প্রতিনিধিরা দায়িত্বে ছিল। তারা কোনো নিয়মনীতি বা টেন্ডার ছাড়াই নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে ব্যাপক অর্থ লুটপাট করেছে।
খায়রুল কবির খোকন আরও উল্লেখ করেন, অতীতে বিশ্বব্যাংকের অর্থায়নে আসা একটি বড় প্রকল্প গোপালগঞ্জের এক ঠিকাদার নয়ছয় করে বাতিল করিয়ে দিয়েছিল। বর্তমানে সেই বরাদ্দ পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। এখন শতভাগ স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। কোনো ঠিকাদার কাজের মান নিয়ে নয়ছয় করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মহশিন হোসাইন বিদ্যুৎ, শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু এবং জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

























