ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র হলেও কার্যত এখনো এর প্রতিটি প্রশাসনিক ও পরিচালনা ব্যবস্থা দিল্লির প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। দিল্লির এই আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তনই আসবে না। শহীদ ওসমান হাদি আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাবের বলেন, ন্যায়বিচারের প্রশ্নে ইনকিলাব মঞ্চ আপসহীন। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের কাছে ইনসাফ নিশ্চিতের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের শিকার হওয়া ব্যক্তি যিনিই হোন না কেন, জুলুম কখনো ইনসাফ হতে পারে না।
শ্রমিকদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, খেটে খাওয়া শ্রমিকরা সামান্য মজুরিতে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে হিমশিম খাচ্ছেন। তাঁরা সম্মানজনক জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছেন। অথচ তাঁদের ন্যায্য দাবির প্রতি সহমর্মিতা না দেখিয়ে লাঠিচার্জ করা হচ্ছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নানা রাজনৈতিক আশ্রয়ে অতীত সরকারের সুবিধাভোগীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এসব ঘটনার বিচার না হলেও শ্রমজীবী মানুষের অধিকারের আন্দোলনে কঠোরতা দেখানো হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

























