আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ম্যাচ অফিসিয়াল বা রেফারি প্যানেলে বড় ধরনের পরিবর্তন ও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরের জন্য ১৭০ জন অফিসিয়ালের নাম ঘোষণা করা হয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এই তালিকায় ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রয়েছেন।
এবারের আসরে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য থাকছে বিশেষ অর্জন। প্রথমবারের মতো একটি বিশ্বকাপে এই দুই দেশ থেকে তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। আর্জেন্টিনার পক্ষ থেকে থাকছেন ইয়ায়েল ফালকোন পেরেজ ও তার সঙ্গীরা, আর ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন রাফায়েল ক্লসসহ অভিজ্ঞ তিন রেফারি। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ ও মেজর লিগ সকার থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রেফারি এই তালিকায় স্থান পেয়েছেন।
নারী রেফারিদের অংশগ্রহণও এবার বেশ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের তোরি পেনসোর নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ নারী রেফারি দল পুরুষদের এই বিশ্বমঞ্চে দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির আধুনিকায়নে ফিফা এবার রেফারিদের শরীরে ‘বডি ক্যামেরা’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, যা ফুটবলে স্বচ্ছতা ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























