দীর্ঘ বিরতির পর চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে আজ পৃথিবীতে ফিরে আসছে নাসার ঐতিহাসিক ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী। ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুলটি অবতরণ করার কথা রয়েছে। এই অবতরণ প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানটিকে তীব্র গতি ও তাপ মোকাবিলা করতে হবে।
কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলটি শব্দের চেয়ে ৩২ গুণ বেশি বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তাদের উদ্ধারের জন্য মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিশেষ ডুবুরি দল ইতোমধ্যে সমুদ্রে অবস্থান নিয়েছে। ১৯৭২ সালের পর এটিই প্রথম মানববাহী চন্দ্রাভিযান যা মহাকাশে মানুষের ভ্রমণের দূরত্বের রেকর্ড ভেঙে দিয়েছে। এই মিশনের সফল সমাপ্তি ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি স্থাপনের পথ আরও সুগম করবে বলে মনে করছে নাসা।
রিপোর্টারের নাম 
























