পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে প্রথম ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়ে বেশ খরুচে ছিলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ালেন এই গতি তারকা। করাচি কিংসের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।
বৃহস্পতিবার করাচির বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন নাহিদ। তার এই মিতব্যয়ী ও বিধ্বংসী বোলিংয়ের দিনে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে পেশোয়ার জালমি। রানের হিসেবে এটি পিএসএলের ইতিহাসে যেকোনো দলের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসের বিধ্বংসী সেঞ্চুরি (১০৯) এবং বাবর আজমের ৮৭ রানের ওপর ভর করে ২৪৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার। জবাবে নাহিদ রানার গতির কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় ডেভিড ওয়ার্নারের করাচি। বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলাম ৩ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।
রিপোর্টারের নাম 

























