রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীর ইটের আঘাতে এক ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ভ্যানচালক আলম আলী (৪০) উপজেলার বেলগাছি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মজিবর রহমান, তিনি একই গ্রামের পিয়ার আলীর ছেলে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। ভ্যানচালক আলম আলী একটু সামনে গিয়ে ভ্যান থামানোর পর মজিবর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ভ্যানগাড়িতে থাকা ইট দিয়ে আলম আলীর মাথায় আঘাত করেন। এতে আলম আলী ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মজিবর রহমানকে বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য আহত হন।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযুক্ত মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























