কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকাও উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিকলী থানাধীন গুরুই ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন নোয়াগাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিকলী থানার এসআই শরিফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয় এবং রওশন আরা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রওশন আরা বেগম নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























