জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। সকালে তার মৃতদেহ পাওয়া যায় এবং ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং এক সন্তানের জনক। হত্যাকারীরা তার ডান চোখ উপড়ে ফেলে।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ভোরবেলা ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 
























