পিরোজপুরের জিয়ানগরে কেবিআই ইটভাটায় ফারুক হোসেন (৪৫) নামে এক শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফারুক হোসেন সকালে পানি আনতে যাওয়ার সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা একটি ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর পুত্র। তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।
ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তারা এতে ভেঙে পড়েছেন। তিনি আরও জানান, ফারুক তাদের ভাইয়ের মতো ছিলেন এবং তারা একসঙ্গে কাজ করতেন।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং লাশ পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে। পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























