দেশের ভবিষ্যৎ ক্রিকেট তারকা অন্বেষণের লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর। ৬৪টি জেলার ৩৫০টি স্কুলের সাড়ে ৮ হাজারের বেশি উদীয়মান ক্রিকেটার এই বৃহৎ আসরে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। টুর্নামেন্টজুড়ে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৬৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রাথমিক পর্যায়ে জেলাভিত্তিক ম্যাচগুলোর মাধ্যমে এই আসরের পর্দা উঠছে। জেলা পর্যায়ের খেলা শেষে বিভাগীয় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াই শুরু হবে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে টুর্নামেন্টের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন উপস্থিত থেকে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে স্পনসর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























