আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এই তথ্য জানান।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ভেন্যু, অনুশীলন স্থল, আবাসনস্থল এবং যাতায়াত রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন যে সকলের সম্মিলিত সহযোগিতায় এই আন্তর্জাতিক টুর্নামেন্ট সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
সমন্বয় সভায় সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ওয়াসা এবং অন্যান্য সরকারি-বেসরকারি সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন এবং উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
রিপোর্টারের নাম 





















