দেশে হামের প্রাদুর্ভাব চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৫৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজন রোগীর সংখ্যা ১১ হাজার ১৩৩ জন, যার মধ্যে ১৩৮ জন প্রাণ হারিয়েছেন। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই বিভাগে এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে মারা গেছেন ৬৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল ও খুলনায় ৭ জন করে, ময়মনসিংহে ২ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪৮ জন সন্দেহভাজন এবং ১৮৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছেন ৬৯৩ জন। তবে আশার কথা হলো, এ পর্যন্ত ৫ হাজার ২৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে রাজশাহীতে পরিস্থিতির অবনতি লক্ষ করা যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, গত একদিনে নতুন করে আরও ২৩ জন শিশু এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















