আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সমন্বয়ে বাহিনীকে একটি সুসংহত ও জবাবদিহিমূলক কাঠামোতে সাজানো হয়েছে।
এই উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্টেডিয়ামে একটি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সদস্যারা অংশগ্রহণ করেন। একই সময়ে, অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বগুড়া জেলার সমাবেশের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা হয়, যা সার্বিক কার্যক্রমে সমন্বয় ও তদারকিতে নতুন মাত্রা যোগ করে।
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে ১,৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি ভোটকেন্দ্রে ১,৯৯০ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। দুই আসনের মোট ২৭৮টি ভোটকেন্দ্রে সর্বমোট ৩,৬৯৪ জন সদস্য নিরাপত্তা বিধানে নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে একজন অস্ত্রধারী আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করবেন।
নির্বাচনি নিরাপত্তা জোরদার করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে দু’জন করে ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপ’-এর এন্ড ইউজার হিসেবে কাজ করবেন। পাশাপাশি, দুই আসনে চারটি করে মোট আটটি স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ৮০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য টহল এবং তাৎক্ষণিক সাড়া প্রদানে নিয়োজিত থাকবেন।
সমাবেশে মহাপরিচালক বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাহিনী প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর মোতায়েন পদ্ধতি বাস্তবায়ন করছে। অঠগওঝ সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধিত প্রশিক্ষিত সদস্যদের মধ্য থেকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যা একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।
তিনি আরও জানান, সদস্যদের ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে AVMIS সফটওয়্যারের মাধ্যমে ব্যাংক হিসাব যাচাই করে সরাসরি ভাতা প্রদান করা হবে। এতে আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 




















