হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ইরানকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হতে আসায় তিনি তেহরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’
ট্রাম্প বলেন, তিনি নিজে এমনটা না চাইলেও, সম্ভবত এমনটাই ঘটতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যেহেতু এখন সম্পূর্ণ ও সর্বাত্মক শাসনব্যস্থার পরিবর্তন দেখা যাচ্ছে এবং ভিন্ন, আরো বুদ্ধিমান ও কম উগ্র চিন্তাধারার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, তাই হয়তো ভালো কিছু ঘটতে পারে। তিনি আরও বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব—এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের অবৈধ জুলুম, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক!’ এর আগে গত রোববার ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, মঙ্গলবার হবে ‘বিদ্যুৎকেন্দ্র দিবস’, ‘সেতু দিবস’। তিনি সময়সীমা হিসেবে ‘মঙ্গলবার, রাত ৮টা’ (যুক্তরাষ্ট্রের সময়) উল্লেখ করেছিলেন, যা বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা। পরদিন সোমবার তিনি আবারও ইরানকে ‘এক রাতেই’ নিশ্চিহ্ন করার হুমকি দেন, যদি তারা নির্ধারিত সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হয়।
রিপোর্টারের নাম 

























