ইরানের জাতীয় রেলওয়ে নেটওয়ার্ককে একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রেডিওতে উদ্ধৃত একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, দেশটির দাবি—ইরানের এই রেলপথ ব্যবহার করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশজুড়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার একটি যৌক্তিক ভিত্তি তৈরির কৌশল হিসেবে ইসরায়েল এমন দাবি করছে। এর আগে গাজায় সামরিক অভিযানের সময়ও ইসরায়েলি বাহিনী একইভাবে বিভিন্ন হাসপাতাল ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার আগে সেগুলোকে সামরিক কাজে ব্যবহারের অজুহাত দিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শাসনব্যবস্থায় বড় কোনো ফাটল না দেখা দেওয়ায় ইসরায়েল এখন দেশটির সরকারি কাঠামোকে সহায়তা করে এমন সব প্রতিষ্ঠানকে তাদের সম্ভাব্য হামলার তালিকায় অন্তর্ভুক্ত করছে। এছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার কৌশলও এর পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে এবং সাধারণ মানুষ সরকারের প্রতি আরও বেশি ঐক্যবদ্ধ হতে পারে।
রিপোর্টারের নাম 

























