গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ফেরার পথে অটোপাশের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী এই হামলা চালায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির গাড়ি আটকে ভাঙচুর করে এবং তাকে নাজেহাল করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়া কিছু শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অটোপাশের দাবিতে আন্দোলন করে আসছিল। সোমবার তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে উপাচার্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এর আগেও একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে উপাচার্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছিল।
এই ঘটনার পর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার গুণগত মান রক্ষায় কোনোভাবেই অটোপাশ বা অযৌক্তিক অতিরিক্ত গ্রেস নম্বর প্রদান করা হবে না। উপাচার্য স্পষ্ট করেছেন যে, এ ধরনের অন্যায্য দাবির কাছে প্রশাসন মাথা নত করবে না। হামলার ঘটনার পর ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 






















