দেশের ব্যাটারদের স্পিন বোলিংয়ের দুর্বলতা কাটাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্যেই দেশে আনা হয়েছে বিশেষায়িত স্পিন বোলিং মেশিন ‘মারলিন বাই বোলা’। প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয়ে ইংল্যান্ড থেকে আমদানিকৃত এই মেশিনটি ব্যাটারদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এই মেশিনের মাধ্যমে অফ স্পিন, লেগ স্পিন এবং সোজা বা আর্মার ডেলিভারিগুলো নিখুঁতভাবে অনুশীলন করা সম্ভব। এমনকি বলের লেন্থ এবং টার্নের মাত্রাও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে ডানহাতি ও বাঁহাতি সব ধরণের ব্যাটারই সব ধরণের স্পিন বল মোকাবিলা করার প্রস্তুতি নিতে পারবেন।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম ইংল্যান্ডে এই মেশিনের ব্যবহার শুরু হয়। পরবর্তীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশেও এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। উপমহাদেশের কন্ডিশন স্পিন সহায়ক হলেও ব্যাটারদের আন্তর্জাতিক মানের প্রস্তুতির জন্য বিসিবি এই আধুনিক প্রযুক্তির ওপর জোর দিচ্ছে।
রিপোর্টারের নাম 

























