ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে মার্কিন হামলার হুমকির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের কোনো হামলা চালানো হলে তার পরিণতি শুধু আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব জ্বালানি বাজার ও অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।
রোববার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাথে এক টেলিফোন সংলাপে আরাগচি এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানের অবকাঠামোতে হামলা করার হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যার শামিল। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এমন কোনো পদক্ষেপ নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে। এ সময় তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মার্কিন কর্মকর্তাদেরই দায়ী করেন।
অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবকাঠামোতে হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মন্তব্য করেন। তিনি সমস্যার সমাধানে কূটনীতির ওপর জোর দেন এবং উভয় দেশের মধ্যে কনস্যুলার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রিপোর্টারের নাম 
























