জামালপুরের ইসলামপুরে ফেসবুকের একটি ভুয়া পোস্টকে কেন্দ্র করে মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে তেল নিতে এসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন মোটরসাইকেল চালকরা। সোমবার সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় তেল না পেয়ে বিক্ষুব্ধ চালকরা গাছের গুঁড়ি ফেলে ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষুব্ধ চালকদের দাবি, ফেসবুকে তারা খবর পেয়েছিলেন যে ওই পাম্পে তেল দেওয়া হবে। সেই তথ্যের ভিত্তিতে তারা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সকালে পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে পাম্প কর্মচারীরা জানিয়েছেন, তারা তেল দেওয়ার কোনো ঘোষণা দেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ওই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, ফেসবুকের ভুল তথ্যের কারণে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
রিপোর্টারের নাম 
























