ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিতব্য ৩০তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশীয় বাছাইপর্বে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ যুব টেবিল টেনিস দল। সোমবার (৮ এপ্রিল) ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নয়াদিল্লি হয়ে শিমলার উদ্দেশ্যে রওনা হয়। আগামী ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক ভারতসহ দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলো অংশ নেবে।
বাংলাদেশ দল অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা বিভাগে একক, দ্বৈত, মিশ্র দ্বৈত এবং দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে দলে ম্যানেজার হিসেবে রয়েছেন তাহমিনা তারমিন বিনু এবং কোচ হিসেবে আছেন ধনঞ্জয় শীল তীর্থ ও রিগ্যান বড়ুয়া। দলের অধিকাংশ খেলোয়াড়ই বিকেএসপির বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
টুর্নামেন্টকে সামনে রেখে বিকেএসপিতে ৩৩ দিনের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন করেছে খেলোয়াড়রা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, গত আসরে বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক জিতলেও এবার তারা মূল আসরে কোয়ালিফাই করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। বিশেষ করে কয়েকজন শীর্ষ খেলোয়াড়ের জন্য এটি শেষ জুনিয়র আসর হওয়ায় তারা স্মরণীয় কিছু উপহার দিতে মুখিয়ে আছে।
রিপোর্টারের নাম 

























