নরসিংদীর শিবপুরে প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে এবং সোমবার বিকেলে পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮৪৫ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রোববার রাত ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিমের নেতৃত্বে মহাসড়কের পাশের কিছু গুদামে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৮০০ লিটার ডিজেল ও ৪৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে আল আমিন নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
পরবর্তীতে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে একই এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। দ্বিতীয় দফার অভিযানে আরও ৮৪৫ লিটার তেল উদ্ধার করা হলেও মজুতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























