গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখার এক অভিনব কৌশলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত দামে তেল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পুকুরের পানির নিচ থেকে এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল মোল্লা নামে এক ব্যক্তি তার বাড়িতে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে তল্লাশির এক পর্যায়ে পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরের পানির নিচে ডুবিয়ে রাখা অবস্থায় একটি ড্রাম পাওয়া যায়। পরে ড্রামটি উদ্ধার করে দেখা যায় তাতে প্রায় ১৫০ লিটার ডিজেল রয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যেই এই তেল লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান, অবৈধ মজুত ও বেশি দামে তেল বিক্রির অপরাধে নজরুল মোল্লার স্ত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উদ্ধারকৃত তেল নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























