আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের ভিন্ন হাতে কালি ব্যবহার করতে হবে। নির্বাচন কমিশন (ইসি) রবিবার এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের এ নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ভোটারদের যে আঙুলে কালি ব্যবহার করা হয়েছিল, আগামী ৯ এপ্রিলের নির্বাচনে ভিন্ন হাতে কালি ব্যবহার করতে হবে। তবে, যারা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৬ আসনের নির্বাচনে ভোট দেননি, তাদের ক্ষেত্রে অমোচনীয় কালি ব্যবহারের আগের নির্দেশনা বলবৎ থাকবে।
এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও, সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। আসনটি শূন্য ঘোষণা করার পর কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে। একই দিনে শেরপুর-৩ আসনেও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সেখানে ইসির এই বিশেষ বিধান কার্যকর হবে না।
রিপোর্টারের নাম 






















