গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, আপনাদের সেবা করতে না পারলে আর কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি কোন দল করি তা না দেখে, আমি লোকটা কেমন সেটা দেখুন।” রবিবার (৯ নভেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত পথসভা এবং ধানের শীষ প্রতীকে গণসংযোগ চালানোর সময় তিনি এই কথাগুলো বলেন।
এস এম জিলানী বলেন, “এই অঞ্চলের মানুষ দীর্ঘ ১৭ বছর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ভোট শুরুর আগেই ভোট কেটে বাক্সে ভরে দিতো। আমরা ভোট কেটে বাক্সে ভরে দেওয়ার রাজনীতি করতে চাই না। ভোট আপনার অধিকার। আপনার অধিকার যারা ১৭ বছর কেড়ে নিয়েছে, সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার ভোটটা যাতে কেউ কেড়ে না নিতে পারে।”
তার এই গণসংযোগের সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য মান্নান শেখসহ কয়েকশ নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
রিপোর্টারের নাম 
























