নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান আদালতকে জানান, মামলার সকল আসামি বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ এবং অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় শামীম ওসমান ও তার সহযোগীদের বিরুদ্ধে তিনটি পৃথক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং ৪ মার্চ তাদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























