২০২৬ সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে আরও গতিশীল ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে খেলার নিয়মে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সংস্থাটি জানিয়েছে, সময়ক্ষেপণ কমানো, খেলার গতি বৃদ্ধি এবং রেফারিদের ওপর চাপ কমাতে এই নতুন নিয়মগুলো কার্যকর করা হবে।
খেলোয়াড় বদলের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী, পরিবর্তিত খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের বেশি নিলে বদলি খেলোয়াড়কে মাঠে প্রবেশ করতে এক মিনিট অপেক্ষা করতে হবে, যা দলকে ওই সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য করবে। গোলকিক ও থ্রো-ইন নেওয়ার ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে; পাঁচ সেকেন্ডের মধ্যে খেলা শুরু করতে না পারলে বলের দখল প্রতিপক্ষের কাছে চলে যাবে।
ইনজুরির ক্ষেত্রে, খেলোয়াড়দের চিকিৎসা নেওয়ার জন্য কমপক্ষে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের ফাউলের কারণে কার্ড দেখানো হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। রেফারির সঙ্গে আচরণের ক্ষেত্রেও কঠোরতা আনা হচ্ছে; এখন থেকে শুধুমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে কথা বলতে পারবেন, অন্য কোনো খেলোয়াড় আপত্তি জানালে হলুদ কার্ড দেখতে হবে। এছাড়া, ভিএআর-এর ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে; দ্বিতীয় হলুদ কার্ড বা সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত ছাড়াও কর্নার সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তও ভিএআর-এর মাধ্যমে পর্যালোচনা করা যাবে।
রিপোর্টারের নাম 

























