রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ সংরক্ষণ করতে গিয়ে মাচা ধসে জান্নাতি (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং কৃষক ওবাদুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতি তার বড় বোনের সঙ্গে বাড়ির গোয়ালঘরের মাচায় পেঁয়াজ তোলার কাজ করছিল। এ সময় হঠাৎ করে মাচা ও ঘরের একটি অংশ ধসে পড়লে জান্নাতি নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























