দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং বৃদ্ধিতে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতিনিধিদল এই আগ্রহ ব্যক্ত করে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে স্টিফেন ফোর্বস জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে ব্রিটিশ কাউন্সিল সহায়তা করতে আগ্রহী। এছাড়াও, গবেষণা সহযোগিতা, ট্রান্সন্যাশনাল এডুকেশন নীতিমালা প্রণয়ন এবং ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নেও তারা সহায়তা দেবে বলে জানান।
প্রতিনিধিদল আরও জানায়, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য তারা প্রশিক্ষণ মডিউল তৈরিতে কাজ করছে এবং ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমকে টেকসই করতে ‘মাস্টার ট্রেইনার’ তৈরিতেও তারা সহযোগিতা করতে আগ্রহী।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ব্রিটিশ কাউন্সিলের এই সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বর্তমানে দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তাদের প্রত্যাশা পূরণ ও উচ্চশিক্ষা খাতে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি অগ্রাধিকার দিচ্ছে। হিট প্রকল্পের কার্যক্রমও এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























