স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হত্যা, অপহরণ, মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, দুটি অপহরণ, দুটি মাদক এবং চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে একটি হত্যা, দুটি অপহরণ, একটি চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে।
পুলিশ সুপার সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
রিপোর্টারের নাম 

























