দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার প্রোটিয়া জার্সিতে তার দীর্ঘ পথচলার ইতি টানলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
নিজের বিদায়ী বার্তায় ডুসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কোচ ও মেন্টর হিসেবে দারুণ কিছু উপহার দিতে চাই। প্রোটিয়া জার্সি পরা আমার কাছে দারুণ কিছু ছিল। এটা আমার জীবনের জন্য এক বিশাল সম্মান।’
২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। এরপর তিনি তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৪৬টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ছয়টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি, যা তাকে ৪৯৭০ রান সংগ্রহে সহায়তা করেছে।
তার অবসরের পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি ডুসেনের অবদানের প্রশংসা করে বলেন, ‘রসি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন। সতীর্থ, প্রতিপক্ষ এবং সমর্থকদের কাছ থেকে তিনি দারুণ সম্মান অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকাকে তার সেবার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’
রিপোর্টারের নাম 
























