সারা দেশের মতো রংপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অনেককে বোতল ও জারিকেন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। ভিড় সামলাতে পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
ভোক্তাদের অভিযোগ, একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে বাজারে চড়া দামে তেল বিক্রি করছে। বিশেষ করে ইটভাটাগুলোতে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি ইটভাটাগুলোতে অভিযান চালায়, তবে মজুতকৃত হাজার হাজার ড্রাম তেল উদ্ধার করা সম্ভব হবে।
পাম্প সংশ্লিষ্ট কিছু কর্মী জানিয়েছেন, সরকারকে বিপাকে ফেলতে একটি মহল এই কৃত্রিম সংকট সৃষ্টি করছে। নিজস্ব ইটভাটা ও কালোবাজারিদের সাথে যোগসাজশ করে পেট্রোল, অকটেন ও ডিজেল সরিয়ে ফেলা হচ্ছে। সাধারণ মানুষ ও পরিবহন মালিকরা বলছেন, বেশি টাকা দিলে খোলা বাজারে তেল পাওয়া গেলেও পাম্পগুলোতে সরবরাহ নেই। ফলে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
রিপোর্টারের নাম 























