হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কালনী নদীতে নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের কাছে। স্থানীয়রা নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০শে মার্চ সন্ধ্যা থেকে সামিরুন আক্তার (১৩) নামে ওই কিশোরী নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিলেও কোনো সন্ধান পায়নি। অবশেষে ১লা এপ্রিল দুপুরে নদীর জল থেকে উলঙ্গ অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত সামিরুন আক্তার পূর্ব পিটোয়ার কান্দি গ্রামের মৃত নবি মিয়া মিয়ার কন্যা এবং পরিবারের পঞ্চম সন্তান। স্থানীয়দের মতে, তাদের পরিবারের কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 
























