চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওবায়েদ উল্যাহ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার দুপুরে চুনতি খাঁ দিঘীর পাড় নামক স্থানে একটি দ্রুতগামী ডেলিভারি কাভার ভ্যানের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়েদ কক্সবাজারের রামু উপজেলার লিঙ্গাপাড়া এলাকার শামসুল আলমের ছেলে এবং ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
দুর্ঘটনায় নিহতের মা ইয়াসমিন আক্তার, বোন ফাহিমা আক্তার, ভগ্নিপতি ইয়াছিন আরাফাত এবং চাচাতো ভাইসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি কাভার ভ্যান অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























