যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও পোল্যান্ড তাদের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানকে ঘিরে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন পোল্যান্ডকে তাদের প্যাট্রিয়ট ব্যাটারিগুলোর একটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করার জন্য অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিল। তবে, পোলিশ দৈনিক রেজচপোসপোলিতার প্রতিবেদন অনুযায়ী, পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে তাদের প্যাট্রিয়ট ব্যবস্থা দেশের আকাশসীমা ও ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষার জন্যই নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে কোনো পরিবর্তন হচ্ছে না এবং আমরা এগুলো অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা করছি না। পোল্যান্ডের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পোল্যান্ডের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ‘আমেরিকানরা আমাদের ওপর কোনো ধরনের চাপ দিচ্ছে না।’ পোল্যান্ডের চিফ অব জেনারেল স্টাফ উইসলাভ কুকুলাও এমন কোনো অনুরোধের খবর নাকচ করে দিয়েছেন, তিনি বলেছেন, ‘এমন কোনো অনুরোধই করা হয়নি।’ বর্তমানে পোল্যান্ডের দুটি কার্যকর প্যাট্রিয়ট ব্যাটারি রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ পুরোপুরি চালু হবে। এগুলো দেশের সোচাচেভ এলাকায় মোতায়েন রয়েছে এবং প্রায় ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।
রিপোর্টারের নাম 
























