পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে লাহোর কালান্দার্সের অভিজ্ঞ ব্যাটার ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যদিও তিনি প্রাথমিক শুনানিতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।
ঘটনাটি ঘটে গত ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারে বোলার হ্যারিস রউফের সঙ্গে কথা বলার সময় ফখর জামান বলটি নিয়ে কিছু করেন বলে অভিযোগ ওঠে। আম্পায়ারদের সন্দেহ হয় যে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে প্রমাণ মেলায় ম্যাচ অফিসিয়ালসরা লাহোরকে পাঁচ রান জরিমানা করে।
ম্যাচ রেফারি রোশান মহানামা এই ঘটনার পর দুই অন-ফিল্ড আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত ও ফয়সাল খান আফ্রিদি কর্তৃক উত্থাপিত অভিযোগের ভিত্তিতে শুনানি করেন। শুনানিতে ফখর জামান অভিযোগ অস্বীকার করলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায় যে ভিডিও ফুটেজ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরবর্তীতে ভিডিও ফুটেজে ফখর জামানের বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়। পিএসএলের আচরণবিধির লেভেল ৩ ভঙ্গের দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। পিএসএলের নিয়ম অনুযায়ী, ফখর জামান ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ পাবেন। তবে তিনি আপিল করবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, বল টেম্পারিংয়ের ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল ২০১৮ সালে, যখন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরুন ব্যানক্রফট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের জন্য দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
রিপোর্টারের নাম 
























