চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন মীর মুস্তাফিজুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও পৌঁছে দেন এবং তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান।
হাসপাতালে মীর মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং তাঁর বড় ভাই দিপ্ত প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ৩০ মার্চ মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়েছিল। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে এক অভিজ্ঞ চিকিৎসক দল এই অস্ত্রোপচার সম্পন্ন করে। চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শহীদ মীর মুগ্ধের বাবার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এসময় হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, প্রফেসর ডা. মো. খালেকুজ্জামান, প্রফেসর ডা. মো. মহসীন হোসেন, প্রফেসর ডা. তৌফিকুজ্জামান, প্রফেসর ডা. আশরাফ, সহযোগী অধ্যাপক ডা. এটিএম নূরন্নবী, সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. শ্যামল, সহকারী অধ্যাপক ডা. সারোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাসান রিপন, সহকারী পরিচালক ডা. মেজবাহ, ডা. মো. সামিউর রহমান, ডা. হাসিবুল ইসলাম, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ এবং অপু দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























