দেশের বিভিন্ন অংশে আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, এই সপ্তাহের শেষভাগ থেকে পরবর্তী চারদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বুধবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে তাপমাত্রা কিছুটা বেড়ে গরম বাড়তে পারে। তবে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই আবার দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
এদিকে, সর্বশেষ আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে যে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে বুধবার দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 
























