এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে প্রথমার্ধ শেষে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩১ মিনিটে হঠাৎ এক আক্রমণে হারিস স্টুয়ার্ট গোল করে সিঙ্গাপুরকে লিড এনে দেন। এই এক গোলের সুবাদে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
সিঙ্গাপুর মাঝমাঠ থেকে বল দখলে নিয়ে এক দৌড়ে পাল্টা আক্রমণ রচনা করে। তাদের কুয়েহ’র নেওয়া ক্ষিপ্রগতির শট বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা রুখে দিলেও দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। তার হাত ফসকে বল চলে যায় ইখসান ফান্দির কাছে। ইখসান দ্রুত বল ঠেলে দেন হারিস স্টুয়ার্টের দিকে, যিনি নির্ভুল শটে বল জালে জড়াতে কোনো ভুল করেননি।
বাছাই পর্বে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের অর্জন সর্বোচ্চ ১১ পয়েন্ট, আর ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ভারত। আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। কোচ হাভিয়ের কাবরেরার দল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্বের মিশন শেষ করতে চায়।
এই ম্যাচ জিতলে ফিফা র্যাংকিংয়েও বাংলাদেশের এগিয়ে আসার সুযোগ থাকবে। তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয়ের স্বাদ অধরা রয়ে গেছে, সেই আক্ষেপও দূর হবে লাল-সবুজের জার্সিধারীদের। তবে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে। র্যাংকিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে তারা ইতোমধ্যেই মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে।
এবার ঘরের মাঠে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়োৎসব করতে চাইবে ‘দ্য লায়নস’ খ্যাত সিঙ্গাপুর। অতীত পরিসংখ্যানেও তারাই এগিয়ে। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করলেও এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সর্বশেষ গত জুনে সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের জার্সিধারীরা।
রিপোর্টারের নাম 
























