দেশব্যাপী জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযানে সোমবার (৩০ মার্চ) মোট ৮৭ হাজার ৭০০ লিটার বিভিন্ন ধরনের তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল। বর্তমানে দেশে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী।
মন্ত্রণালয় জানায়, ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের ৬৪টি জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। শুধুমাত্র গত সোমবারই ৩৯১টি অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয় এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়।
একই দিনে সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযানে জব্দকৃত তেলের মধ্যে ছিল ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসে এ পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা দায়ের করা হয়েছে, যার মাধ্যমে ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। এই সময়ে ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন ও ৬০ হাজার ২ লিটার পেট্রোল উদ্ধার করা সম্ভব হয়েছে।
রিপোর্টারের নাম 
























