বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজীব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত সাইদুল ইসলাম সজীব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় তিনি মারা যান।
আহত অন্য চারজন হলেন, সাইদুলের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) এবং আয়শা বেগম (৫০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাটি ঘটেছিল শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। নিহত সাইদুল ইসলাম সজীবের বাবা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে তারা বসতবাড়ির জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর তোলার কাজ শুরু করেন।
এ সময় একই গ্রামের মৃত রুস্তম আলী খানের পুত্র মিলন খান তার ৮-১০ জন লোক নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় সাইদুল ইসলাম সজীব গুরুতর রক্তাক্ত জখম হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আবুল হোসেন খান বাদী হয়ে থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর জি আর ৮৮/২৬। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বরং পুলিশের বিরুদ্ধে আসামিদের পক্ষে একটি মিথ্যা মামলা রেকর্ড করার অভিযোগ উঠেছে, যা জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























