নওগাঁর পোরশায় পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি থেকে ছোট ভাইয়ের দ্বারা নির্যাতনের মাধ্যমে উচ্ছেদের অভিযোগ এনেছেন এক বড় ভাই। মঙ্গলবার সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার ছোট ভাই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন। ভুক্তভোগী সাদেকুল ইসলাম জানান, তারা দুই ভাই পোরশা সদরের নওপাড়া গ্রামের আজিজুল হকের সন্তান।
লিখিত বক্তব্যে সাদেকুল ইসলাম বলেন, পৈতৃক সূত্রে পাওয়া নওপাড়া গ্রামে নিজস্ব অর্থায়নে নির্মিত বসতবাড়িতে তিনি সপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু তার ছোট ভাই মঞ্জুরুল ইসলাম জোরপূর্বক বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সম্প্রতি তাকে হুমকি-ধামকি এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, তার ভাই অত্যন্ত হিংস্র প্রকৃতির হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। কোথাও বিচার চাইতে গেলে তাকে উল্টো ভয়ভীতি দেখানো হয়। এই পরিস্থিতিতে তিনি বর্তমানে পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
সাদেকুল ইসলাম প্রশাসনের কাছে এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার বসতবাড়িতে নিরাপদে বসবাস করার সুযোগ করে দেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে তার স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এ বিষয়ে ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, তিনি বড় ভাইকে তার দখলকৃত বাড়িতে আসতে এবং নিজে ছোট ভাইয়ের দখলকৃত বাড়িতে যেতে বলেছিলেন, কিন্তু বড় ভাই রাজি হননি।
রিপোর্টারের নাম 
























