বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক তামাকচাষিকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির নাম রিদুয়ান করিম মিন্টু, বয়স ৪০ বছর। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউসপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুলতান আহমদ।
স্থানীয় মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার জানান, গত রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আনুমানিক ৭টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লতা বইন্না দশতলা নামক এলাকা থেকে একদল দুর্বৃত্ত মিন্টুকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সময় তিনি তার তামাকক্ষেত থেকে বাড়ির পথে ফিরছিলেন।
অপহৃতের এক আত্মীয় ভুট্টো জানান, ‘সন্ধ্যায় তামাকক্ষেত থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বর্তমানে অপহরণকারীরা তার মুক্তির জন্য মুক্তিপণ দাবি করছে।’ এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপহৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 
























