নাটোরের সিংড়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এই সুযোগে মেসার্স আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখ অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট ছিল। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আলতাফ শেখকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্যথায় তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হতো।
আদালত মজুতকৃত তেল আগামী সাত দিনের মধ্যে বিক্রয় করার নির্দেশ প্রদান করেছেন।
রিপোর্টারের নাম 
























