স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের আসন্ন মৌসুমে বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ও তার দল লস অ্যাঞ্জেলস লেকার্সের প্রতি শ্রদ্ধা জানাতে এক বিশেষ জার্সির নকশা উন্মোচন করতে চলেছে। ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে এই পরিকল্পনা করা হয়েছে, যা ফুটবল এবং বাস্কেটবলের মধ্যে এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটাবে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগামী মৌসুমে বার্সেলোনার অ্যাওয়ে জার্সিটি গাঢ় বেগুনি রঙের হবে, যার সঙ্গে সোনালী লোগো ব্যবহার করা হবে। এই রঙের সংমিশ্রণটি কিংবদন্তি কোবি ব্রায়ান্টের ‘ব্ল্যাক মাম্বা’ পরিচয়ের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। প্রচলিত নকশার বাইরে গিয়ে এমন রাজকীয় ডিজাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুধু অ্যাওয়ে কিটই নয়, বার্সেলোনার ঐতিহ্যবাহী হোম জার্সিতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। নতুন ডিজাইনে সাতটি ভিন্ন শেডের ব্যবহার করা হতে পারে, যেখানে তিনটি লাল এবং তিনটি নীল রঙের মিশেলে তৈরি হবে এক বিশেষ গ্রেডিয়েন্ট ইফেক্ট। ধারণা করা হচ্ছে, নবনির্মিত স্পোটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের আধুনিক স্থাপত্য ও আলোকসজ্জা থেকেই এই নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
জার্সিতে আগের মতোই স্পোটিফাই এবং নাইকির লোগো থাকবে। যদিও ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট হেডলাইন্স এই ডিজাইন ফাঁস করেছে, ক্লাব কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে প্রতি মৌসুমের মতো এবারও সম্ভাব্য নতুন কিট ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























