বগুড়ার আদমদীঘি উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার কদমগাড়ী গ্রামে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি সোমবার সকাল ৮টার দিকে কদমগাড়ী গ্রামের তোতা নামের এক ব্যক্তির পুকুরে ঘটে। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন কালাচাঁন ও দিপেন নামের আরও দুই জেলে। নিহত নিরেন চন্দ্র রাণীনগর উপজেলার পারইল গ্রামের রাজেন্দ্রনাথের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে পারইল গ্রামের একদল জেলে কদমগাড়ী গ্রামের তোতার পুকুরে মাছ ধরতে আসেন। ওই পুকুরে আগে থেকেই পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো এবং সংযোগ দেওয়া ছিল। জেলেরা মাছ ধরতে পুকুরে নামার পরপরই বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র ঘটনাস্থলেই মারা যান। এছাড়া, পারইল গ্রামের কালাচাঁন ও বিশিয়া গ্রামের দিপেন চন্দ্র বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, নিহত জেলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























