ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (৩০ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা উন্নয়ন সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে বলেন, বিশেষ করে স্মার্ট কার্ড প্রযুক্তিতে চীন বিশ্বে অন্যতম সফল দেশ।
মন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড একটি ডেটাবেজ-ভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে। এই স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে বসবাসকারী জনগণকে দক্ষ জনসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশকে সামাজিকভাবে সুরক্ষিত করতে তিনি চীনের সহযোগিতা কামনা করেন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি ইতিমধ্যেই বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। রাষ্ট্রদূত আরও জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতেও চীন বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কাজ করার মাধ্যমে চীন বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে অবদান রাখতে চায়, যাতে তারা টেকসই স্বনির্ভরতার সুযোগ পায়।
রিপোর্টারের নাম 

























