ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) ২০২৬ অর্থবছরের জন্য এক বিশাল অঙ্কের রাষ্ট্রীয় বাজেট অনুমোদন করেছে, যেখানে প্রতিরক্ষা খাতে এবার নজিরবিহীন বরাদ্দ রাখা হয়েছে। তবে এই বাজেটকে দেশের ইতিহাসের ‘সবচেয়ে বড় চুরি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা।
সোমবার ভোরে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ৬২-৫৫ ভোটে বাজেটটি চূড়ান্তভাবে পাস হয়। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মোট ৮৫ হাজার ৬০ কোটি শেকেল বা প্রায় ২৭ হাজার ১০০ কোটি ডলারের এই বাজেটের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪ হাজার ৫৮০ কোটি শেকেল, যা ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট।
নির্ধারিত সময়সীমার আগেই বাজেট পাস হওয়ায় দেশটিতে সম্ভাব্য আগাম নির্বাচন এড়ানো সম্ভব হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাজেট পাস না হলে স্বয়ংক্রিয়ভাবে আগাম নির্বাচনের পথ খুলে যাওয়ার আশঙ্কা ছিল।
বাজেট পাসের পরপরই বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ তাঁর প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় চুরি সম্পন্ন হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন যে, ‘সংরক্ষিত সেনাদের কাছ থেকে অর্থ নিয়ে তা খসড়া এড়ানোদের দেওয়া হয়েছে। পরিশ্রমী মানুষের টাকা নিয়ে তা দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া হয়েছে।’
রিপোর্টারের নাম 























