জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এই শোকাবহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক দিলারা হাফিজকে গত ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।
মৃত্যুকালে অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণকারী দিলারা হাফিজের বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক দিলারা হাফিজ তার কর্মজীবন শুরু করেন সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত ছিলেন।
অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা।
রিপোর্টারের নাম 
























