বিশ্বকাপের দল ঘোষণার আগে ব্রাজিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে ইনজুরি হানা দিয়েছে। ফ্রান্সের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে হারের ক্ষত শুকিয়ে ওঠার আগেই দলে একের পর এক চোটের সমস্যা কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাফিনহা আগেই মাঠের বাইরে চলে গেছেন, এবং এখন ভিনিসিয়াস জুনিয়রও ইনজুরিতে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছেন।
ব্রাজিলের ডাগআউটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে রাফিনহার ইনজুরিতে। বার্সেলোনার ফর্মে থাকা এই ফরোয়ার্ড হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হয়েছেন এবং প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ক্রোয়েশিয়া ম্যাচের আগে রাফিনহার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে একটি বড় শূন্যতা তৈরি করেছে।
আগামী ১ এপ্রিল ভোরে অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে শনিবার আনচেলত্তির শিষ্যরা অনুশীলন করলেও ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র অনুপস্থিত ছিলেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের এই তারকা অনুশীলনের পরিবর্তে অরল্যান্ডোর জিমে সময় কাটিয়েছেন এবং পরে চিকিৎসা নিয়েছেন।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে উরুতে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন ভিনিসিয়াস। তবে মেডিকেল পরীক্ষায় কোনো গুরুতর আঘাত ধরা না পড়লেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এটিকে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ হিসেবে দেখছে এবং আশা করছে যে ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়া যাবে।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে না খেললেও মার্কুইনহোস এখন অনুশীলনে ফিরেছেন। কোমরের অস্বস্তির কারণে পিএসজির এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল। রাফিনহা ও ওয়েসলি চোটে পড়ায় ব্রাজিলের সম্ভাব্য একাদশেও পরিবর্তন আসতে পারে। ডান পাশে ওয়েসলির জায়গায় দানিলোকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
রিপোর্টারের নাম 
























