এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের মূল পর্বে খেলার স্বপ্ন ইতোমধ্যে ভেঙে গেলেও, জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে বদ্ধপরিকর লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে সিঙ্গাপুর একটি শক্তিশালী প্রতিপক্ষ, যারা আগেই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে। তাই নির্ভার এই দলের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য সহজ হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচে ৩-০ গোলের হার দলের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরিয়েছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে তিন গোল হজম করা, গোলরক্ষকের ব্যর্থতা, রক্ষণভাগের অসহায়ত্ব এবং কোচের কৌশলগত ভুলগুলো দলকে ভোগান্তিতে ফেলেছিল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আর কোনো ভুল করতে চায় না বাংলাদেশ। এই ম্যাচে নির্ভুল ফুটবল খেলে জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য তাদের।
গত বছরের জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে ২-১ গোলে হেরেছিল। সেই ম্যাচটি ছিল দেওয়ান হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ। রক্ষণভাগের দুর্বলতা এবং কোচ হাভিয়ের কাবরেরার কিছু ভুল সিদ্ধান্ত সে সময় দলকে ভুগিয়েছিল। যদিও রাকিব হোসেন হামজার রক্ষণচেরা পাস থেকে অসাধারণ একটি গোল করেছিলেন।
তবে এবারের সিঙ্গাপুর ম্যাচে কার্ডজনিত সমস্যার কারণে রাকিব হোসেন এবং অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে পাচ্ছে না বাংলাদেশ। এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কোচ কাবরেরা অবশ্য বলেছেন, তার দল গত ম্যাচে কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ফলাফল হতাশাজনক হলেও ম্যাচের অনেক ইতিবাচক দিক রয়েছে। ভিয়েতনাম ম্যাচের ভুলগুলো শোধরানোর জন্য সিঙ্গাপুরের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কাজ করছেন কোচিং স্টাফরা। বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুনও বাফুফের এক ভিডিও বার্তায় ভিয়েতনাম ম্যাচের ভুলগুলো অকপটে স্বীকার করে নিয়েছেন এবং সেগুলো শুধরে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 
























